চউকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
৯ অক্টোবরের মধ্যে চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম ও সচিব তাহেরা ফেরদৌস বেগমকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। চউকের প্রধান প্রকৌশলীর ব্যক্তিগত সহকারী হাবিবুর রহমানের করা মামলার পরিপ্রেক্ষিতে ২ অক্টোবর ট্রাইব্যুনাল এ আদেশ দেন। হাবিবুর রহমান চউক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, হাবিবুর রহমানকে ২০১১ সালের ১৬ জানুয়ারি চউক থেকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বদলি করা হয়। তিনি এ আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম শ্রম আদালতে মামলা করেন। গত ৩০ জুলাই চট্টগ্রাম প্রথম শ্রম আদালত তাঁর মামলা খারিজ করে দেন। তিনি এ আদেশের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। ট্রাইব্যুনাল ৫ আগস্ট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দেন। এরপর গত ৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল মামলাটি খুলনা বিভাগীয় শ্রম আদালতে স্থানান্তর করেন।
হাবিবুর রহমান জানান, ‘ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করে চউক কর্তৃপক্ষ আমাকে স্বপদে যোগদান হতে মৌখিকভাবে বিরত রাখে ও বেতন-ভাতা দিচ্ছে না।’
হাবিবুর রহমানের আইনজীবী নেসার আহমেদ প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা অমান্য করায় চউক চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাঁদের সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।