চওড়া সেতুগুলো ভেঙে ফেলে কালভার্ট নির্মাণের আয়োজন
বরিশাল নগরের বটতলী-নবগ্রাম-রায়পাশা-কড়াপুর খালটির বিভিন্ন অংশ দখলের কবলে পড়ে সরু হয়ে পড়েছে অনেক আগেই। ভরাট হতে হতে বর্তমানে খালটির যেটুকু অবশিষ্ট রয়েছে, তা-ও হুমকিতে পড়েছে স্বয়ং সিটি করপোরেশনের একটি উদ্যোগের কারণে।সিটি করপোরেশন, স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই খালের ওপর বিভিন্ন স্থানে থাকা ৮০-৯০ ফুট বেশি চওড়া চারটিসহ ছোটবড় বেশ কয়েকটি সেতু ভেঙে ফেলে তার স্থলে কালভার্ট নির্মাণ করা হবে। সিটি করপোরেশনই এ উদ্যোগ নিয়েছে। প্রকল্প অনুমোদনও হয়ে গেছে। কালভার্ট নির্মাণে শিগগিরই দরপত্র আহ্বান করা হতে পারে।স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞদের অভিমত, সেতুর পরিবর্তে কালভার্ট নির্মাণ করা হলে ওই স্থানগুলোতে খালটির প্রশস্ততা আরও কমে আসবে। এতে পানির প্রবাহ কমে যাবে। তখন বরিশাল নগরের মতোই খালসংলগ্ন শহরতলির নবগ্রাম, রায়পাশা, কড়াপুর, ভর্মাদি, কটুরাকাঠিসহ বিভিন্ন এলাকায় দেখা দিতে পারে ভয়াবহ জলাবদ্ধতা।খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল নগরের প্রাণকেন্দ্র বটতলা থেকে নবগ্রাম হয়ে রায়পাশা-কড়াপুর খালটি ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে মিলিত হয়েছে। খালের অন্য অংশ একই জেলার বিনয়কাঠি পর্যন্ত প্রবাহিত। গত শতাব্দীর আশির দশক পর্যন্ত এই খাল দিয়ে নৌকা চলাচল করত। নব্বইয়ের দশকে ভরাটের কবলে পড়ে খালটি ক্রমেই সরু হতে থাকে।১৯৯৮ সালে তৎকালীন পৌরসভা কর্তৃপক্ষ বটতলা এলাকায় খাল ভরাট করে স্টল নির্মাণ করে। ২০০০ সালে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হলে বটতলা থেকে হাতেম আলী কলেজ চৌমাথা পর্যন্ত খাল ভরাটের উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ সিটি করপোরেশন সেখানে সরু নর্দমা ও সড়ক নির্মাণ করেছে। প্রায় ১০ কিলোমিটার খালটির অবশিষ্ট অংশের নবগ্রাম এলাকায় বেশ কয়েকটি ছোট কালভার্ট নির্মাণ করে খালের প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে অনেক আগেই। গত বুধবার সরেজমিনে দেখা যায়, নবগ্রাম এলাকায় বেশ কয়েকটি স্থানে খালের ওপর সরু কালভার্ট রয়েছে। কালভার্টের দুই পাশের বিরাট অংশ ভরাট হয়ে গেছে। পানির প্রবাহ বন্ধ হয়ে ময়লা-আবর্জনায় দুই কিলোমিটার খাল এখন মৃতপ্রায়। নবগ্রাম এলাকা ছাড়িয়ে গেলে খালটির ডেফুলিয়া, রায়পাশা কড়াপুর, ধর্মাদি পর্যন্ত প্রায় ৯০ ফুট চওড়া খালের ওপর অনেকগুলো লোহার সেতু চোখে পড়ে। এই সেতুগুলো ভেঙে ফেলে সেখানে কালভার্ট নির্মাণের পরিকল্পনা করেছে সিটি করপোরেশন।সিটি করপোরেশন সূত্র জানায়, বরিশাল নগরের বিভিন্ন উন্নয়নকাজের অংশ হিসেবে বেশ কয়েকটি খালের ওপর কালভার্ট নির্মাণের প্রকল্প প্রস্তুত করা হয়েছে। ওই প্রকল্প অনুমোদিত হলে ১, ৩০ ও ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া এলাকায় খালের ওপর থাকা সেতুগুলো ভেঙে কালভার্ট নির্মাণ করা হবে। সেতু ভেঙে কালভার্ট নির্মাণের প্রভাব সম্পর্কে জানতে চাইলে এলজিইডি বরিশাল সদর উপজেলা প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, খাল চওড়া হলে সেখানে সেতু নির্মাণ করা উচিত। সেতু ভেঙে কালভার্ট করা হলে খালের প্রবাহ বন্ধ হওয়াই স্বাভাবিক।বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহামঞ্চদ আনিসুজ্জামান বলেন, নগরের বেশ কিছু সড়ক ও খালের ওপর বক্স কালভার্ট করার পরিকল্পনা করা হচ্ছে। কিছু খালের ওপর সড়ক হবে। প্রকল্পে খালের প্রবাহ অনুযায়ী ২২-২৫ ফুট প্রশস্ততার কম হবে না।তবে ওই কথার সত্যতা মেলেনি। নবগ্রাম খালের কুদঘাটা এলাকায় সাম্প্রতিক সময়ে নির্মিত সর্বোচ্চ চওড়া বক্স কালভার্টটি মাত্র ১৮ ফুট চওড়া করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, সাধারণত খালের প্রবাহ ঠিক রাখতে ২০-২২ ফুট চওড়া করে বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই খালের ডেফুলিয়া-কটুরাকাঠিতে খালের ওপর লোহার সেতুটির দৈর্ঘ্য ৬০ ফুট। এখানে খালের প্রশস্ততা ছিল ৮০ ফুট। লোহার সেতু নির্মাণের সময় এক প্রান্তে ২০ ফুট মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এই সেতুটি ভেঙে বক্স কালভার্ট নির্মাণ করা হবে। এ ছাড়া খালের নবগ্রাম অংশে অনেক কালভার্টের প্রশস্ততা মাত্র পাঁচ ফুট। সর্বোচ্চ ১০-১৫ ফুটের বেশি কোনো চওড়া কালভার্ট নেই।খাল সরু করে কালভার্ট নির্মাণে খাল ভরাট ও পরিবেশ দূষণের কারণ হবে উল্লেখ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশালের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক লিংকন বায়েন বলেন, এমনিতেই খালগুলোতে প্রবাহ কমে গেছে। তার ওপর চওড়া খালে বক্স কালখার্ট নির্মিত হলে প্রবাহ বন্ধ হয়ে নগরের ময়লা-আবর্জনা বাড়বে। নগরের ময়লা-আবর্জনা অপসারণ করা না হলে দেখা দেবে জলাবদ্ধতা।সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন প্রথম আলোকে বলেন, নবগ্রাম এলাকায় খালের ওপর অনেকগুলো কালভার্ট সিটি করপোরেশন করেনি। অধিকাংশই ব্যক্তিগতভাবে করা হয়েছে। খাল সংস্কার ও সংরক্ষণে অর্থ বরাদ্দ পাওয়া যাচ্ছে না। তার পরও সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে খাল সংস্কারে উদ্যোগ নেবে। খাল ধ্বংস নয়, খালের প্রবাহ ঠিক রেখেই উন্নয়নকাজ করা হবে।