চকবাজার থানার ওসি হঠাৎ বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চকবাজার থানার ওসি আজিজ আহমেদকে গত সোমবার রাতে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। তাঁকে নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়েছে। কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হুদাকে চকবাজার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহারের নির্দেশে ওসি আজিজ আহমেদকে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় মামলার আসামি নুরুল মোস্তফা ওরফে টিনুর সঙ্গে বৈঠক করার অভিযোগে আজিজ আহমেদকে বদলি করা হয়েছে বলে নগর পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়। কিন্তু তাঁর বদলির আদেশে এ-সংক্রান্ত কোনো বিষয় উল্লেখ করা হয়নি।
গত ৩১ জুলাই বহিরাগত যুবকদের নিয়ে চট্টগ্রাম কলেজের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা নিয়ে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম ও চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফার অনুসারীদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন তিনজন। এ ঘটনায় গত ১ আগস্ট মামলা করেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা ও নুরুল মোস্তফার অনুসারী সুভাষ মল্লিক। এতে নুরুল আজিমের অনুসারী মাহমুদুল করিম, জাবেদুল আজম, মনিরসহ ১১ জনকে আসামি করা হয়। এরপর ৫ আগস্ট নুরুল মোস্তফা ও তাঁর ১৩ অনুসারীকে আসামি করে মামলা করেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান। তিনি চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমের অনুসারী।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম গতকাল রাতে বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার না করে তাদের সঙ্গে বৈঠক করেন চকবাজার থানার ওসি আজিজ আহমেদ।