চকবাজার শিশু হাসপাতাল আধুনিকায়ন হবে: মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চকবাজারের ঢাকা মহানগর শিশু হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ মঙ্গলবার বেলা একটায় হাসপাতালের ভেতর এ সভা করা হয়। সভা শেষে ডিএসসিসির মালিকানাধীন এই হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন মেয়র সাঈদ খোকন। এ ছাড়া হাসপাতালে ভর্তি রোগী ও তার আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। তাৎক্ষণিকভাবে সমাধান করা যাবে, এমন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পুরান ঢাকার শিশুদের চিকিৎসায় এই হাসপাতালটি অনেক বড় ভূমিকা রাখছে। কিন্তু হাসপাতালটিতে সুপেয় পানি ও নিরাপত্তাব্যবস্থা নেই। হাসপাতাল ভবনটিও ঝুঁকিপূর্ণ। এ ছাড়া চকবাজার থেকে এই হাসপাতালটি অন্যত্র সরিয়ে এখানে ক্লিনার কলোনি নির্মাণের আশঙ্কা করছেন তাঁরা।

জবাবে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, চকবাজার থেকে এই হাসপাতাল স্থানান্তরের প্রশ্নই আসে না। বরং গত এক বছর আগে একটি মেগা প্রকল্পের মাধ্যমে এই হাসপাতালটি আধুনিকায়ন ও উন্নয়নে সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ইতিমধ্যে তা অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। শিগগিরই এর উন্নয়নকাজ শুরু হবে। তিনি বলেন, এ হাসপাতালে সুপেয় পানি নিশ্চিত করতে শিগগিরই একটি গভীর নলকূপ বসানো হবে। নিরাপত্তার জন্য আনসার নিয়োগ করা হবে। এ ছাড়া পাঠাগার চালু করা, ডাক্তার ও নার্স নিয়োগসহ বিভিন্ন প্যাথলজিক্যাল সেবা বাড়ানোর পাশাপাশি শিশুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করা হবে।

সাঈদ খোকন আরও বলেন, পুরান ঢাকার মানুষকে সেবা দিতে শহীদনগরে ১০তলা বিশিষ্ট একটি আধুনিক মাতৃসদন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে হাসপাতালটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। তা ছাড়া এ হাসপাতালেই একটি ডায়াবেটিক সেন্টার নির্মাণ করা হবে।

মতবিনিময় সভায় সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেন, ২৬ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান ও ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার পারভেজ প্রমুখ বক্তব্য দেন।