চকবাজারে অভিযান ১০ টন পলিথিন আটক, গ্রেপ্তার ৩
রাজধানীর চকবাজারের আলীঘাট এলাকার দুটি কারখানা থেকে মোট ১০ টন অবৈধ পলিথিন ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। ওই কারখানা দুটিকে সিলগালা করে সেখানকার তিনজন শ্রমিক ও কর্মচারীকে আটক করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান টের পেয়ে পলিথিন কারখানা দুটির মালিকপক্ষ পালিয়ে যায়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপপরিচালক (এনফোর্সমেন্ট), চকবাজার থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
মো. আলমগীর এ ব্যাপারে বলেন, পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এরই মধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ঢাকা শহরের অনেক নদীনালা ও ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। নিষিদ্ধঘোষিত পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।