চকবাজারে আগুনে পোড়া গুদাম থেকে এক ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চকবাজারে আগুনে পুড়ে যাওয়া রাসায়নিকের গুদামের ভেতর থেকে গতকাল বুধবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা। লাশটি পুড়ে অঙ্গার হয়ে গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে চকবাজারের চম্পাটুলি লেনে গ্লোবাল এন্টারপ্রাইজ নামের একটি রাসায়নিক গুদামে আগুন লাগলে তা পাশের আরও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে।
গতকাল বুধবার ভোরে ফায়ার সার্ভিস ওই আগুন নেভাতে সক্ষম হয়। এরপর পুলিশ গুদামটিতে তল্লাশি চালিয়ে পুড়ে কুঁকড়ে যাওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া লাশটি গ্লোবাল এন্টারপ্রাইজের গুদামের তত্ত্বাবধায়ক আবদুল মালেকের (৬৫)।
আগুন লাগার পর থেকে আবদুল মালেক নিখোঁজ ছিলেন। তাঁর মরদেহ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হতে তাঁর ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, আগুনে পাঁচটি রাসায়নিক গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে প্রথমে একটি গুদামে আগুন লাগে। এরপর আরও কয়েকটি গুদামে তা ছড়িয়ে যায়।
ফায়ার সার্ভিসের প্রায় ১১টি ইউনিট অন্তত ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে আগুন নেভায়। এরপর তারা গতকাল দুপুর পর্যন্ত গুদামগুলোতে তল্লাশি চালায়।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি গুদামেই দাহ্য পদার্থ ছিল। ফলে প্রচুর ধোঁয়া হয় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গুদামগুলোতে আগুন নেভানোর সরঞ্জাম ছিল না। ঘিঞ্জি এলাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলোও ঢুকতে সমস্যায় পড়তে হয়।