চকবাজারে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
পুরান ঢাকার পশ্চিম ইসলামবাগের একটি বাড়ি থেকে পুলিশ গত রোববার রাতে শাহজাহান সুমন (২১) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসায় লোকসান হওয়ায় তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পুলিশ ৫৯/এ পশ্চিম ইসলামবাগের বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে সুমনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশটি সিলিং ফ্যানের সঙ্গে গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় ছিল। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।সুমনের চাচা বিল্লাল হোসেন জানান, চক সার্কুলার মার্কেটের ফেঞ্চি মার্কেটে সুমনের দুটি দোকান ছিল। সেখানে নতুন ভবন নির্মাণের জন্য ১৮ ডিসেম্বর দোকান দুটি হাতছাড়া হয়। এ নিয়ে সুমন মানসিকভাবে ভেঙে পড়েন। কয়েক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য তাঁর বাবাকে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু সামর্থ্য না থাকায় বাবা তাঁর প্রস্তাব নাকচ করে দেন। এতে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।এ ব্যাপারে চকবাজার থানায় মামলা হয়েছে।