চকবাজারে সাততলা থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চকবাজার এলাকায় সাততলা একটি ভবন থেকে পড়ে গতকাল শুক্রবার আবুল কালাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, বংশাল থানার দুই পুলিশ সদস্য কালামকে সাততলা থেকে ফেলে দিয়েছেন। পুলিশ বলছে, আবুল কালাম একজন মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্ত অবস্থায় সাততলা ওই ভবন থেকে তিনি নিজেই লাফ দিয়েছেন।
আবুল কালামের বাসা হোসেনি দালান রোডে। তিনি এলিফ্যান্ট রোডে একটি জুতার দোকানে কাজ করতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
কালামের বড় ভাই আবুল বাশার তালুকদার প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটায় বংশাল থানার দুই দারোগার সঙ্গে চানখাঁরপুল এলাকায় কালামের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই দুই দারোগা তাঁর পিছু ধাওয়া করেন। কালাম চকবাজার থানা এলাকায় চলে এলেও তাঁরা তাঁকে ধরার জন্য দৌড়াতে থাকেন। একপর্যায়ে কালাম ৭৪ নম্বর হোসেনি দালানের সাততলায় উঠে পড়লে ওই দুই পুলিশ সদস্যও সেখানে উঠে পড়েন। এর পরপরই তাঁর লাশ নিচে পড়ে যায়।
হাসপাতালে পরিবারের আরেক সদস্য জানিয়েছেন, কালাম একসময় মাদক ব্যবসা করতেন। কিন্তু এখন আর তাঁর সে ধরনের সংশ্লিষ্টতা নেই।
চকবাজার থানা থেকে উপপরিদর্শক সাদেক মিয়া ঘটনাস্থলে প্রথম যান। তিনি প্রথম আলোকে বলেন, কালামের লাশটি নিচে পড়ে ছিল এবং তাঁর আশপাশে তিন টুকরা ভাঙা পানির পাইপ পড়ে ছিল। পানির পাইপ ধরে এক ছাদ থেকে অন্য ছাদে পালাতে গেলেই তা ভেঙে কালাম নিচে পড়ে যান বলে তিনি দাবি করেন। চানখাঁরপুল থেকে পিছু ধাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘শুনেছি খায়েরটুলী পুলিশ ফাঁড়ির এসআই রফিক এবং এএসআই মোজাম্মেল তাঁকে ধাওয়া করেছিলেন। তবে তাঁরা ঘটনাস্থলের আশপাশে আসেন নাই।’
চকবাজার থানার ওসি শামীম অর রশিদ তালুকদার পরিবারের অভিযোগ অস্বীকার করে বলেন, কালাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তিনি এই এলাকার মণি নামে এক মাদক ব্যবসায়ীর স্বামী। তাঁর শারীরিক অবস্থাও অত্যন্ত নাজুক। তিনি নিজেই পালাতে গিয়ে সাততলা ভবন থেকে পড়ে মারা গেছেন। পুলিশ সদস্যরা তাঁকে ধাওয়া করলেও ঘটনাস্থল পর্যন্ত তাঁরা যাননি বলে দাবি করেন তিনি।