চকবাজারের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চানখাঁরপুল মোড় থেকে কেন্দ্রীয় কারাগার পেরিয়ে বেগমবাজারের মুখে আসতে সময় লাগল পাক্কা দেড় ঘণ্টা। রাস্তাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি। চকবাজারমুখী যানবাহনগুলো আটকে আছে সড়কের মুখে। চকবাজার চৌরাস্তার তখন ভজকট অবস্থা। যানবাহন কিংবা মানুষ কারোরই নড়াচড়ার উপায় নেই। দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা কী করবেন, ঠিক বুঝে উঠতে পারছেন না।
এটি গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় দেশের অন্যতম বৃহত্তম পাইকারি পণ্যের কেনাবেচার স্থান চকবাজার এলাকার চিত্র। চকবাজার চৌরাস্তা থেকে শুরু হওয়া যানজট সকালে থেকে ছড়িয়ে পড়েছে উত্তরে চানখাঁরপুল, দক্ষিণে বাবুবাজার, পশ্চিমে লালবাগ এবং পূর্বে বংশাল পর্যন্ত। রাস্তায় মালামাল পরিবহনের দীর্ঘ সারি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ সড়কে যানজট লেগেই থাকে। প্রতি রমজানে তা প্রকট হয়। ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় মানুষ বেশি সমস্যায় পড়েন এ সময়টাতে। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা শত বছরের পুরোনো চকবাজার এমনিতে ঘনবসতিপূর্ণ এলাকা। ঢাকার চকবাজারকে কেন্দ্র করে আশপাশের মৌলভীবাজার, বেগমবাজার, উর্দু রোড, নাজিমউদ্দীন রোড, ইমামগঞ্জ, ডালপট্টি, সোয়ারীঘাট, নওগোলা, বাবুবাজার এলাকা বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। এসব এলাকায় রয়েছে তৈরি পোশাক থেকে শুরু করে যাবতীয় অলংকার ও প্রসাধনীর প্রধান পাইকারি বাজার। এ ছাড়া খাবারসহ বিভিন্ন শিল্পের কাঁচামালের সমাহার ঐতিহ্যবাহী এ এলাকায়। ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকার খুচরা দোকানে এখান থেকেই মালামাল যায়। ঠিক এ এলাকার পাশেই রয়েছে কেন্দ্রীয় কারাগার। বাণিজ্যিক এলাকা হলেও প্রায় পুরো এলাকাতেই আবাসিক ভবন রয়েছে। রয়েছে অগণিত মানুষের আসা-যাওয়া। অন্যদিকে রমজানে চক মসজিদের সামনে রাস্তা দখল করে বসে ইফতারের বিশাল বাজার। অথচ এ এলাকার সব সড়ক সরু। মূল বাজারের চারপাশের সড়কটি একটু প্রশস্ত হলেও সেখানে সারা বছরই অস্থায়ী দোকান (হকার) এবং পণ্য বহনকারী বিভিন্ন যানবাহন থাকে। যার ফলে পুরো রাস্তা ব্যবহারের সুযোগ পান না পথচারীরা। বেগমবাজারের নাসরিন নীলা বলেন, ‘চকবাজার থেকে বের হলে যানবাহন কিংবা হেঁটে যেভাবেই যাই না কেন, যানজটে পড়তে হয়। রাস্তায় হাঁটারও পরিস্থিতি নেই। রিকশায় বসে একবার যানজটে পড়লে কমপক্ষে এক ঘণ্টা নষ্ট। বাচ্চা নিয়ে ঈদের শপিং করার জন্য বের হতেও ভয় লাগছে।’ বেগমবাজারের এম এস ট্রেডিংয়ের মো. সালাউদ্দিনের সঙ্গে কথা হয় গতকাল দুপুরে। তিনি বলেন, মিটফোর্ড হাসপাতাল থেকে চকবাজার রাস্তার অবস্থা খুব খারাপ। বিশাল বিশাল গর্ত। একটু বৃষ্টি হলে পানি জমে যায়। এখানে ব্যবসা করাই মুশকিল হয়ে গেছে।
ভাই ভাই স্টোরের মোহাম্মদ ওহাব হতাশা থেকে বললেন, ‘আমার মনে হয় এখানকার যানজট থেকে মুক্তি মিলবে না।’ যোগাযোগ করা হলে বেগমবাজার মৌলভীবাজার বণিক সমিতির সভাপতি দীন মোহম্মদ প্রথম আলোকে বলেন, ‘রাস্তা মেরামতের জন্য আমরা অনেকবার সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করেও সুফল পাইনি। এখন মুশকিল হচ্ছে সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় ঠিক কোথায় যোগাযোগ করলে কাজ হবে সেটা বুঝতে পারছি না।’ ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঈদবাজারকে কেন্দ্র করে আমরা এ এলাকায় অতিরিক্ত জনবল দিয়েছি। তবে মানুষের মাঝেও আইন না মানার প্রবণতা আছে। তবে সবার সহযোগিতা পেলে যানজটের সমস্যা বেশ খানিকটা কমিয়ে আনতে পারব।’