চকরিয়া ও ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস উল্টে যায়। এ ঘটনায় ওই পথচারী এবং মাইক্রোবাসের এক যাত্রী নিহত হন।
গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন হারবাং ইউনিয়নের কাট্টলী পাড়ার মো. আবু মোনাফ (৫০) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার জীবন বড়ুয়া (২৬)।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়েজুর রহমান জানান, মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফটিকছড়িতে নিহত ১: ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আন্ডা মার্কেট এলাকায় গতকাল সকালে ট্রাকচাপায় বিবি জয়নাব (৭০) নামের এক নারী নিহত হন। তিনি ফটিকছড়ি উপজেলার পৌর এলাকার দক্ষিণ ধুরুং গ্রামের আবুল হাসেম চৌধুরীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে জয়নাব সড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আশপাশের লোকজন ট্রাকের চালক নিজাম উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন জানান, চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।