চকরিয়ায় আগুনে পুড়ে কিশোরের মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলায় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ স্টেশনে চারটি দোকান আগুনে পুড়ে গেছে। এ সময় ঘুমন্ত এক দোকান কর্মচারী দগ্ধ হয়ে মারা গেছে। আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম মো. মফিজ (১২)। সে বাড়ি ইউনিয়নের পাহাড়পাড়ার মো. মানিকের ছেলে।
স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের ভাষ্য, একটি চায়ের দোকান থেকে আগুন লাগে। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে চায়ের দোকানটিসহ আরও তিনটি দোকান পুড়ে যায়। এ সময় সারের দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা ওই দোকানের কর্মকারী মফিজ পুড়ে মারা যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে আগুন নেভায়।
আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, ‘কোনো অভিযোগ না থাকলে পরিবারের কাছে মফিজের লাশ হস্তান্তর করা হবে।’