চকরিয়ায় আগ্নেয়াস্ত্রসহ নারী গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় গতকাল শুক্রবার চারটি আগ্নেয়াস্ত্রসহ রোজিনা আকতার (৩৩) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোজিনা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মইশেরডেইল গ্রামের মো. আবদুল্লাহর স্ত্রী। তিনি চকরিয়ার বদরখালী থেকে বাসে করে চট্টগ্রামের পটিয়া যাচ্ছিলেন।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দেশে তৈরি তিনটি এলজি ও একটি রিভলবার।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন বলেন, ওই নারীকে জেলা গোয়েন্দা দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মহেশখালীর বিভিন্ন পাহাড়ে তৈরি এসব অস্ত্র নিয়ে রোজিনা চট্টগ্রামের পটিয়া যাচ্ছিলেন। তিনি বলেন, অস্ত্র পাচারের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের ধরার চেষ্টা চলছে।
রোজিনার বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
ডিবির ওসি জানান, গত ৮ ডিসেম্বরে একই এলাকায় বাসে তল্লাশি চালিয়ে গোয়েন্দা পুলিশ সাতটি আগ্নেয়াস্ত্রসহ মহেশখালী উপজেলার শুতরিয়াপাড়ার নাঈম উদ্দিনকে গ্রেপ্তার করে। তিনি অস্ত্র নিয়ে মহেশখালী থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন।