চকরিয়ায় গৃহবধূ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভান্ডারীর ডেবার পাহাড়ি এলাকায় গত সোমবার বিকেলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে এক গৃহবধূ (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ ওই দিন রাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করা ব্যক্তিরা উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূসহ চার নারী সোমবার বিকেলে পার্শ্ববর্তী পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় আবদুল ওয়াদুদ (২৮), জসিম উদ্দিন (২৯), মো. কাশেম সুমন (২২), মো. রুবেল (২০) ও রিয়াজ উদ্দিন (১৮) অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের গতিরোধ করেন। এ সময় তিন নারী পালিয়ে যেতে সক্ষম হলে ওই গৃহবধূকে তারা ধর্ষণ করেন। হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ফিরোজ আহমদ চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে পালিয়ে আসা তিন নারী এলাকায় গিয়ে স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান। পরে এলাকার লোকজন জড়ো হয়ে ওই পাহাড়ি এলাকা থেকে গৃহবধূকে উদ্ধার এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি আরও বলেন, ওই তিনজনের স্বীকারোক্তিমতে রাত আটটার দিকে ওই পাহাড়ে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়।