কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে কক্সবাজারের চকরিয়ার দুজনের লাশ ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার কবর থেকে উত্তোলন করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিমের উপস্থিতিতে লাশ তোলা হয়।
গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলায় আট যাত্রী নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে আবু তাহের, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ রাশেদুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। ওই ঘটনার পর শুধু আবু তাহেরের লাশের ময়নাতদন্ত করা হয়।
চৌদ্দগ্রাম থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম বলেন, নয় মাস ১৮ দিন পর শনিবার সকালে দুজনের লাশ তাঁদের গ্রামের বাড়ি চকরিয়ার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবরস্থান থেকে তোলা হয়। ময়নাতদন্তের জন্য হাড় কক্সবাজার সদর হাসপাতালে ও রাসায়নিক পরীক্ষার জন্য কবরের মাটি পাঠানো হয় চট্টগ্রামে সিআইডির পরীক্ষাগারে।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ ফরহাদ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে সাতজনের লাশের ময়নাতদন্ত না করার কারণে মামলার তদন্তে জটিলতা দেখা দেয়। এ কারণে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করতে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন করা হয়। আদালত গত ২ সেপ্টেম্বর কবর থেকে ওই সাতজনের লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন।