চকরিয়ায় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী বাজার এলাকায় সেনাসদস্যদের বহরকারী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, নিহত সেনাসদস্যরা হলেন সিপাহি নায়েম উদ্দিন (৩০) ও শফিকুল ইসলাম (৩২)। দুর্ঘটনায় আহত সেনাসদস্য মো. সাজ্জাদ ও আরিফুল ইসলামকে চকরিয়ার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত ও আহত সেনাসদস্যরা কক্সবাজারের রামু সেনানিবাসে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, গতকাল সেনাবাহিনীর জিপটি চকরিয়ার খুটাখালী বাজার এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জিপটি একটি কমিউনিটি সেন্টারের সীমানাপ্রাচীরের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই সেনাসদস্য।
জানতে চাইলে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম গত রাত ১০টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর জিপটি ঢাকা থেকে রামুর উদ্দেশে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জিপটি খুটাখালী এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি কমিউনিটি সেন্টারের সীমানাপ্রাচীরের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই সেনাসদস্যের মৃত্যু হয়। আহত হন আরও তিন সেনাসদস্য।