চকরিয়ায় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী বাজার এলাকায় সেনাসদস্যদের বহনকারী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, নিহত সেনাসদস্যরা হলেন সিপাহি নায়েম উদ্দিন (৩০) ও শফিকুল ইসলাম (৩২)। আহত মো. সাজ্জাদ ও আরিফুল ইসলামকে চকরিয়ার খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর জিপটি ঢাকা থেকে রামুর উদ্দেশে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জিপটি খুটাখালী এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি কমিউনিটি সেন্টারের সীমানাপ্রাচীরের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।