চকরিয়ায় পুলিশের সোর্সের হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব গর্জনতলী গ্রামে গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় আবদুল মালেক (৩৫) নামের এক ব্যক্তির ডান হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মালেক ওই এলাকার বদিউর রহমানের ছেলে। আবদুল মালেকের বাবা বদিউর রহমান বলেন, আবদুল মালেক খুটাখালী গ্রামীণ ব্যাংক এলাকার নিজের ফার্নিচারের দোকান থেকে বেলা তিনটায় বাড়ি ফিরছিলেন। পথে নির্জন এলাকা গর্জনতলীতে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে ডান হাত কেটে নিয়ে গেছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, আবদুল মালেক ছিলেন থানার পুলিশের সোর্স। তাঁর দাপটে গর্জনতলী গ্রামের সহজসরল লোকজন অসহায় ছিলেন। পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে মানুষ হয়রানি করায় এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, আবদুল মালেকের ওপর যারা হামলা করেছে, ইতিমধ্যে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি আহত আবদুল মালেক পুলিশের সোর্স নয় বলে দাবি করেন।