চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ২০
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের আজিজনগর এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলো মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরারডেইল এলাকার নুরুন্নেছা বেগম (৩০), চকরিয়া পৌরসভার পশ্চিম দিগরপানখালী গ্রামের মিরাজ হোসেন (১৫)। এ ঘটনায় অন্তত ১৯ জন আহত হন।
চিরিঙ্গা মহাসড়ক পুলিশের উপপরিদর্শক মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে চকরিয়াগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত হয় আরও ১৯ জন। নিহত দুজনের মৃতদেহ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসের চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে চকরিয়া-বদরখালী সড়কের এক নম্বর ব্লক এলাকায় শাহ আমিন পরিবহন নামের একটি বাসের চাপায় আবুল হোসেন (৩০) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তিনি বদরখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকার বাসিন্দা। এ ঘটনায় নুরুল কবির নামের আরও একজন আহত হয়েছেন। তাঁকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, আবুল হোসেন ১৫ দিন আগে বিয়ে করেছিলেন। আজ সকালে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।