চকরিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় গতকাল শুক্রবার বেলা দেড়টায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।
এতে আরও ২০ যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ও পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
চিরিঙ্গা মহাসড়ক পুলিশের ইনচার্জ মো. নিজাম উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী শ্যামলীমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বানিয়ারছড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক জামাল হোসেন (৪৪) ঘটনাস্থলে মারা যান। শ্যামলীমা পরিবহনের চালক অলি আহমদকে (৩০) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন জগৎ আনন্দ (২৮), রাখাল দাশ (১৮), গিয়াস উদ্দিন (২২), আমির হোসেন (৩২), মিজানুর রহমান (২০), জয় (২৫), হারাধন (৫২), মো. কবির (৩০)। আহত অন্য ছয়জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ রণজিত কুমার বড়ুয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক দুটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।