চকরিয়ায় মানব পাচারকারীগ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজার থেকে গত রোববার রাতে আব্দুর রহিম (২৫) নামের এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুর রহিম পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার সিরাজ মিয়ার ছেলে।
বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) উপপরিদর্শক মোজামেঞ্চল হক বলেন, ২০১২ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে ২৩ জন বাংলাদেশিকে সৌদি আরবে নেওয়ার কথা বলে ওমানের এক মানব পাচারকারীর কাছে বিক্রি করে দেন রহিম। এ সময় ওই মানব পাচারকারী ওমান নিয়ে গিয়ে ১৫ দিন একটি বদ্ধঘরে আটকে রাখার পর তাঁদের ইরানের এক মানব পাচারকারীর হাতে তুলে দেন। ইরান থেকে ২৮ দিন পর পাকিস্তানের এক মানব পাচারকারীর হাতে ২৩ বাংলাদেশিকে বিক্রি করে দেন ইরানের ওই দালাল।
উপপরিদর্শক মোজামেঞ্চল হক আরও বলেন, গত বছরের ডিসেম্বরে পাকিস্তান থেকে বাংলাদেশ সরকার হতভাগ্য ওই ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত নিয়ে আসে। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, সম্প্রতি আব্দুর রহিম দেশে ফিরে আসেন। এর পর থেকে প্রতারণার শিকার লোকজন তাঁর বিরুদ্ধে পেকুয়া থানা, চট্টগ্রামের আদালত ও স্থানীয় ইউনিয়ন পরিষদে দুটি মামলাসহ ১০টি অভিযোগ দেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ রণজিত কুমার বড়ুয়া বলেন, মানব পাচার প্রতিরোধ আইনের ৭ ধারায় আব্দুর রহিমের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁর রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।