চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় গতকাল বৃহস্পতিবার পিকআপ ও জিপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও সাতজন।
নিহত ব্যক্তিরা হলেন খুটাখালী ইউনিয়নের সিকদারপাড়ার সাজিদ হোসেন (২৪) ও হাজীপাড়ার আনোয়ার হোসেন (৭০) এবং কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের ওলিয়াবাড়ীর মোহাম্মদ গোলাম সোবহান (৬০)।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, চকরিয়া থেকে কক্সবাজারগামী একটি পিকআপের সঙ্গে চকরিয়াগামী একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিরা জিপের যাত্রী।
আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ও দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।