চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা স্টেশনে গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। আহত ব্যক্তিদের চকরিয়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘড়িভাঙ্গা গ্রামের মৃত আকতার মিয়ার ছেলে আবদুল গফুর (৪৫) ও বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বদরুল আলমের ছেলে তৌসির (৪)। পুলিশ জানিয়েছে, চিরিঙ্গা-বদরখালী সড়কের মাইজঘোনা স্টেশনে দুটি মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই যাত্রী মারা যান। আহত হয় ১০ যাত্রী। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ছাড়া নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।