চকরিয়ায় ২০ পরিবারের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসতঘরে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের লাল মিয়ার দোকান এলাকায় মানববন্ধন করেছেন ২০টি পরিবারের সদস্যরা।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে পরিবারগুলোর পক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আহমদ হোসেন, আমির হোসেন, এলমুন্নাহার ও আবদুর রশিদ।

বক্তারা বলেন, ভূমিহীন ২০টি পরিবার দীর্ঘদিন ধরে লাল মিয়ার দোকানের পাহাড়ি এলাকায় বসবাস করে আসছে। সম্প্রতি জামাল হোসেন, কামাল হোসেন ও রুহুল কাদেরের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র তাদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে না পারায় গত এক বছরে সন্ত্রাসীরা ১৮টি বসতঘর ভাঙচুর করে ও দুটিতে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসীরা প্রতি রাতে ফাঁকা গুলি ছোড়ে। এ কারণে তাঁরা আতঙ্কে সেখানে বসবাস করতে পারছেন না। পুলিশকে খবর দিলেও আসে না। এখন ২০ পরিবারের শতাধিক সদস্য সড়কের পাশে পলিথিনের ছাউনি দিয়ে কোনোরকমে বসবাস করছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘লাল মিয়ার দোকান এলাকাটি দুর্গম। সেখানে তো পুলিশকে বসিয়ে রাখা যাবে না। তবে যখনই গোলাগুলির খবর পাওয়া যায়, তখনই পুলিশ পাঠানো হয়।’

কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, লাল মিয়ার দোকান এলাকাটি পেকুয়া ও চকরিয়া উপজেলার সীমান্তবর্তী। ওই সমস্যা নিয়ে দুই উপজেলার প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একবার বৈঠক হয়েছে। আরও বৈঠক করে সমস্যার সুষ্ঠু সমাধানের পথ বের করা হবে।

গত ২০ অক্টোবর প্রথম আলোয় ‘চাঁদা না দেওয়ায় ১২ বসতঘর ভাঙচুর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।