চকরিয়ার ইউএনওকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবদিনকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আসলাম খান। ইউএনও বিষয়টি থানায় লিখিতভাবে অভিযোগ করায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। পরে সন্ধ্যায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল সোমবার বেলা ১১টায় ইউএনওর কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার ৮০ দিন আগে থেকে পরবর্তী নির্বাচনের কার্যক্রম শুরু করতে হয়। ওই নির্বাচনে ইউএনও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোরশেদুল আলমকে প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেন। এতে ক্ষিপ্ত হন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আসলাম খান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মদ্যপ অবস্থায় ইউএনওর কার্যালয়ে ঢুকে কিশলয় স্কুলের পরিচালনা কমিটির নির্বাচনে তাঁকে কেন নিয়োগ দেওয়া হয়নি, জানতে চেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।
ইউএনও প্রথম আলোকে বলেন, স্বভাবগতভাবে আসলাম খানের চরিত্র ভালো না, তিনি নেশায় বুঁদ হয়ে থাকেন। তাই তাঁকে ওই নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়নি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, ইউএনওর লিখিত অভিযোগের ভিত্তিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খানকে আটক করে সন্ধ্যায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।