চকরিয়ার চাষিদের ৫০ লাখ টাকার ফুল বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখের আগে কক্সবাজারের চকরিয়ার ফুলচাষিরা ৫০ লাখ টাকার ফুল বিক্রি করেছেন।
ফুলচাষিরা জানান, পয়লা বৈশাখ উপলক্ষে দেশে ফুলের চাহিদা বেড়ে যায়। চাহিদার একটি অংশের জোগান দেন চকরিয়ার বরইতলী ইউনিয়নের ফুলচাষিরা।
চকরিয়া গোলাপ বাগান মালিক সমিতির হিসাব অনুযায়ী, গত পাঁচ দিনে সাড়ে সাত লাখ গোলাপ এবং এক লাখ গ্ল্যাডিওলাস ফুল সরবরাহ করেছেন উপজেলার চাষিরা।
ফুলচাষিরা জানান, গত দুই মাসের অবরোধ-হরতালে তাঁরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।
গতকাল সোমবার সকালে বরইতলী ইউনিয়নের একটি ফুলবাগানে গিয়ে দেখা যায়, গোলাপ তুলছে আবদুল্লাহ নামের এক কিশোর শ্রমিক। ফুল তুলে একটি ঘরে নিয়ে রাখছিল সে। সেসব ফুল প্যাকেট করছেন কয়েকজন শ্রমিক। আবদুল্লাহ বলল, ৯ এপ্রিল থেকে পুরোদমে ফুল তোলা চলছে। সে দিনে চার থেকে পাঁচ হাজার গোলাপ তুলেছে।
বরইতলীর একটি গ্ল্যাডিওলাস বাগানের শ্রমিক মহিউদ্দিন (২৬) বলেন, বরইতলী এলাকার ২০ একর জমিতে গ্ল্যাডিওলাস চাষ হয়।
শাহ মজিদিয়া রোজ গার্ডেনের মালিক আনসারুল ইসলাম বলেন, চলতি বছর দেড় একর জমিতে গোলাপ চাষ করেছেন তিনি। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তাঁদের খারাপ সময় গেছে। পয়লা বৈশাখ উপলক্ষে তাঁদের বেচাবিক্রি ভালো হচ্ছে। তিনি বলেন, গতকাল তাঁর বাগান থেকে সাড়ে নয় হাজার গোলাপ তুলেছেন। বিক্রি করে পেয়েছেন ১৭ হাজার টাকা।
চকরিয়া গোলাপ বাগান মালিক সমিতির আহ্বায়ক মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবরোধ-হরতালের সময় এক টাকায় চারটি গোলাপ বিক্রি করতে হয়েছে তাঁদের। বৈশাখ উপলক্ষে তাঁরা ভালো দাম পাচ্ছেন। এখন প্রতিটি গোলাপ ১ টাকা ৮০ পয়সা করে বিক্রি করছেন। প্রতিটি সাদা গ্ল্যাডিওলাস বিক্রি হচ্ছে ১২-১৮ টাকায়। গোলাপি গ্ল্যাডিওলাস বিক্রি হচ্ছে ১০-১২ টাকায়। তিনি জানান, এবার পয়লা বৈশাখ উপলক্ষে চকরিয়া থেকে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৫০ লাখ টাকার ফুল গেছে।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ জানান, উপজেলার বরইতলী ও হারবাং ইউনিয়নের অন্তত দুই শ একর জমিতে গোলাপ ও গ্ল্যাডিওলাস ফুলের চাষ হয়েছে।