চকরিয়ার যুবলীগের নেতা নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (৩৫) গত রোববার থেকে নিখোঁজ।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকায় যাওয়ার পর থেকে নিখোঁজ যুবলীগের এই নেতা। এ ঘটনায় তাঁর ভাই আবদুল হামিদ গতকাল সোমবার বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আবদুল হামিদ বলেন, তাঁর ভাই মোস্তাফিজুর তিন বছর ধরে বাঁশখালীর ইলশা ইউনিয়নের নুরুল আবছারের মালিকানাধীন আল মদিনা ব্রিকফিল্ডে শ্রমিক সরবরাহ করে আসছেন। শ্রমিকের মজুরি হিসাবে অগ্রিম টাকার জন্য মোস্তাফিজুর গত রোববার বিকেলে বাঁশখালীতে নুরুল আবছারের অফিসে যান। এরপর থেকে তাঁর ভাইয়ের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। সেদিন রাত আটটার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ।
মোস্তাফিজুরের চাচা জাফর আলম সিদ্দিকী বলেন, নুরুল আবছার তাঁদের কাছে দাবি করেছেন মোস্তাফিজুর তাঁর ছোট ভাই বাদশার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চকরিয়ার উদ্দেশে চলে যান। এরপর কী হয়েছে, তা তাঁরা জানেন না।
জাফর আলম সিদ্দিকীর আশঙ্কা, নুরুল আবছার ও তাঁর লোকজন তাঁর ভাতিজাকে অপহরণ করেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে নুরুল আবছারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মোস্তাফিজুরের মুঠোফোন নম্বর সংগ্রহ করে তাঁর সর্বশেষ অবস্থান জানার চেষ্টা চলছে। এ ছাড়া সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে।