চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সনাক ও টিআইবির মতবিনিময় সভা
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুস সালাম বলেছেন, ‘সরকারি চাকরিজীবী হিসেবে মানুষকে সেবা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য।
যদি কোনো চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারী রোগীদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং অনৈতিক সুবিধা চান তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ঢিলেমির সুযোগ নেই।’ গত বৃহস্পতিবার সকাল ১০ টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
টিআইবি’র আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন সনাক সদস্য মোহাব্বত চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ছাবের, চিকিৎসক মোহাম্মুদুল হক, মো. খালেদ হোসেন, জাহাঙ্গীর মোহাম্মদ তোফায়েল উদ্দিন, আরিফুর রহমান, রুবেল পালিত, টিআইবি’র সহকারী ব্যবস্থাপক মো. আবদুল গাফ্ফার, হাসপাতালের প্রধান সহকারী শেলী চৌধুরী, স্বজন সমন্বয়ক ইয়াসির আরাফাত চৌধুরী, ইয়েস দলনেতা মো. মিজানুর রহমান, উপদল নেতা শ্যামলী জন্নাত ডলি প্রমুখ।