চকরিয়া ও পেকুয়ায় কয়েক হাজার রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে আসা কয়েক হাজার রোহিঙ্গা গত কয়েক দিনে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে। জেলার টেকনাফ, উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে তারা। তবে কত সংখ্যক রোহিঙ্গা এসেছে তা জানাতে পারেনি প্রশাসন।

গত কয়েক দিনে চকরিয়া উপজেলায় দেড় হাজারেরও বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে। উপজেলার সুরাজপুর-মানিকপুর, কাকারা, হারবাং, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, কৈয়ারবিল ও খুটাখালী ইউনিয়নের পাহাড়ে পলিথিন দিয়ে রোহিঙ্গাদের ঘর তৈরি করতে দেখা গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করলেও বেশ কয়েক হাজার রোহিঙ্গা আসার কথা জানিয়েছেন। চকরিয়ার হারবাং ইউনিয়নেই এক হাজারের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

হারবাং পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর ইউনিয়নের পাহাড়ি এলাকা কোরবানিয়াঘোনা, ডাইনাকাটা, চেয়ারম্যানপাড়া, পূর্ব কাট্টলী ও আলীপাড়া এলাকায় অন্তত এক হাজার রোহিঙ্গা অবস্থান নিয়েছে। তাদের দ্রুত তালিকা তৈরির দাবি জানান তিনি।

উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে অন্তত ২০০ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে জানান এই ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক।

জানতে চাইলে চকরিয়ার ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপজেলার কিছু কিছু পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের অবস্থান নেওয়ার খবর পাচ্ছি। তবে সঠিক সংখ্যা জানা নেই। তাদের অবস্থানের খবর জানাতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে গত সাত-আট দিনে পেকুয়া উপজেলার রাজাখালী, টৈটং, শিলখালী ও বারবাকিয়া ইউনিয়নে বেশ কিছু রোহিঙ্গা পরিবার আশ্রয় নিয়েছে। অনেকে আত্মীয়ের বাড়িতে উঠেছে। আবার অনেকে পাহাড়ে ছাপরা ঘর তৈরি করে থাকছে।

গত শুক্রবার রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা এলাকায় আশ্রয় নেন নারী-শিশুসহ ১৬ জন রোহিঙ্গা। তাঁরা জানান, নির্যাতন সহ্য করতে না পেরে নিজের দেশ ছেড়েছেন।

রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নূর বলেন, রোহিঙ্গাদের এলাকায় আসার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

পেকুয়ার ইউএনও মাহবুবউল করিম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে রোহিঙ্গাদের অবস্থানের খবর পেলে তালিকা তৈরি করে উখিয়া ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার। সোমবার আইনশৃঙ্খলাবিষয়ক সভায় জনপ্রতিনিধিরাও এই দাবি করেছেন।