চকরিয়া কলেজের দেড় শতাধিক শিক্ষার্থীর ডিগ্রি পরীক্ষা অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া ডিগ্রি কলেজের দেড় শতাধিক শিক্ষার্থীর প্রবেশপত্রে বিষয় কোড না থাকায় তাঁদের ডিগ্রি পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা আজ বুধবার সকাল ১০টা থেকে কলেজের সামনে ওই মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন। এর আগে শিক্ষার্থীরা গত সোমবার বিকেলে চকরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন তাঁদের দাবির কথা তুলে ধরেন। ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নাজেম উদ্দিন এবং সচিব রোমানা আকতার বলেন, ‘২০ অক্টোবর (কাল বৃহস্পতিবার) থেকে সারা দেশে ডিগ্রি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য গতবারের ডিগ্রি পরীক্ষায় অকৃতকার্য ১৫৮ জন পরীক্ষার্থী যথানিয়মে ফরম পূরণসহ যাবতীয় প্রস্তুতি শেষ করেন। ১৫ অক্টোবর থেকে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের প্রবেশপত্র সরবরাহ করে। কিন্তু আমাদের (অকৃতকার্যদের) প্রবেশপত্রে বিষয় কোড না থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হবে না। এ জন্য কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও দুর্নীতি দায়ী। আমরা পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে এ আন্দোলন করছি।’দুর্নীতির অভিযোগ অস্বীকার করে চকরিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মীদের ভুলের কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।