চকরিয়া ন্যাশনাল পার্কের ভেতরে তিন হাজার অবৈধ বাড়িঘর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার (উত্তর) বন বিভাগের আওতাধীন চকরিয়ার সংরক্ষিত ‘ন্যাশনাল পার্কের’ ভেতর বনভূমি দখল করে তৈরি করা হয়েছে প্রায় তিন হাজার অবৈধ ঘরবাড়ি। এসব ঘরে বসবাস করছে অন্তত ২০ হাজার মানুষ। যার উল্লেখযোগ্য একটি অংশ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা।গত সোমবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত সরেজমিনে এই পার্ক পরিদর্শন করে দেখা গেছে, শত শত গর্জনগাছ কেটে পাচারের পাশাপাশি খালি (উজাড়) ভূমিতে তৈরি করা হয়েছে অবৈধ ঘরবাড়ি। অনেকে বনাঞ্চল উজাড় করে নতুন করে ঘেরার বেড়া দিয়ে ঘরবাড়ি তৈরি করছেন।পার্কের অভ্যন্তরে মধ্যম মেধাকচ্ছপিয়া গ্রামের বাসিন্দা জমির আহমদ (৫৬) বলেন, বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা প্রতি কানি (কানিতে ৪০ শতক) বনভূমি দখলের বিপরীতে এক লাখ টাকা করে নিচ্ছেন। বিশেষ করে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চড়া দামে পার্কের ভূমি বিক্রি করা হচ্ছে বেশি। কারণ, রোহিঙ্গাদের দিয়েই রাতের আঁধারে শতবর্ষী গর্জনগাছ কেটে পাচার করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক একজন বিট কর্মকর্তা কয়েক শ একর বনভূমির দখলস্বত্ব বিক্রি করে একাই কোটি টাকা হাতিয়ে নেন। এই টাকার ভাগ-ভাটোয়ারা নিয়ে সমস্যা হলে সম্প্রতি তাঁকে অন্যত্র বদলি করে গত ২৬ জুন আবদুল মান্নানকে এই পার্কের দায়িত্ব দেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) খালেক খান।সরেজমিনে দেখা গেছে, পার্কের ভেতরে গর্জনতলী, মধ্যম মেধাকচ্ছপিয়া, ডুলাহাজারা, মালুমঘাট গ্রামে গর্জনগাছ কেটে তৈরি করা হয়েছে অসংখ্য অবৈধ ঘরবাড়ি। কয়েক দিন আগের তৈরি বেশ কিছু ঘরবাড়িও নজরে পড়ে। এমনকি পার্কের ভেতরে বন বিট কার্যালয়ের ৩০ গজের মধ্যেও বনভূমি দখল করে বসতবাড়ি তৈরি করে লোকজনকে বসতি করতে দেখা গেছে।মেধাকচ্ছপিয়া বন বিট কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘গত ২৬ জুন পার্কের দায়িত্ব নিয়েছি। এর মধ্যে বন বিট কার্যালয়ের পাশেসহ বিভিন্ন স্থানে গণনা করে প্রায় এক হাজার ৪০০টি অবৈধ ঘরবাড়ি তালিকাভুক্ত করেছি। পার্কের অন্যান্য স্থানে আরও হাজার খানেক ঘরবাড়ি থাকতে পারে। এসব ঘরবাড়ি কখন এবং কারা তৈরি করেছে বলতে পারছি না।’ তিনি ভূমি দখলের বিপরীতে টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তবে এই পার্কে বহু রোহিঙ্গার বসতি রয়েছে বলে শুনেছি। তারা রাতে গাছ পাচারে জড়িত হচ্ছে।’ অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় আবু তৈয়ব, মৌলভি রমজান, মো. ইউনুস, নুরুল আবছার, ইলিয়াছসহ ২০ জনের একটি সিন্ডিকেট বন কর্মকর্তাদের ম্যানেজ করে পার্কের গাছ কেটে বিরানভূমি দখলে নেয়। তারপর ওই ভূমিকে প্লট আকারে ভাগ করে চড়া দামে লোকজনের কাছে বিক্রি করে। জমি বিক্রির সিংহভাগ টাকা সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের পকেটে চলে যায়।কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এম খালেক খান বলেন, পার্কের ভেতর বনভূমি দখল করে যেসব বসতবাড়ি তৈরি করা হয়েছে, তা অনেক আগের তৈরি করা। অবৈধ ঘরবাড়ি তৈরির বিপরীতে বনের কেউ টাকা-পয়সা নেয় না। পার্কের ভেতর অবৈধ ঘরবাড়ির সংখ্যা এবং এর বিরুদ্ধে মামলা না করার কারণ জানতে চাইলে ডিএফও খালেক খান বলেন, অবৈধ ঘরবাড়ির সংখ্যা গণনা করা হয়নি। এখন গণনা করে উচ্ছেদ করা হবে।এর আগে ডিএফও বলেছিলেন, এই পার্কের অভ্যন্তরে বর্তমানে কতটি শতবর্ষী গর্জনগাছ রয়েছে, সে হিসাবও তাঁর জানা নেই।পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা এবং কক্সবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘উজাড় বনভূমিতে তিন হাজারের মতো অবৈধ ঘরবাড়ি তৈরির সুযোগ দিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এর সুষ্ঠু তদন্ত এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিতে আমরা কয়েক দিনের মধ্যে পরিবেশ ও বনমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠাব। অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করা না হলে লোকজন সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করব।’