চকরিয়া-পেকুয়ায় ইয়াবা উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৬৪টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।
চকরিয়া থানার পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে চকরিয়া কলেজ গেট এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় হাইওয়ে পুলিশের সদস্যরা একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দেন। এ সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে।
ইয়াবা বড়ি উদ্ধার ঘটনায় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেছেন।
এদিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ৬৪টি ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির ১ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. ছরওয়ার উদ্দিন ওরফে বারেক (৩৮) ও তাঁর স্ত্রী কামরুন্নেছা বেগম (৩০)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, ছরওয়ার-কামরুন্নেছা দম্পতি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও ছরওয়ার মাদক মামলায় দুবার গ্রেপ্তার হয়েছিলেন।
ওসি বলেন, গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।