চকরিয়া পৌরসভা এলাকায় যানজট, যাত্রী দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে চকরিয়া পৌরসভার প্রায় এক কিলোমিটার এলাকায় শতাধিক ভাসমান দোকান ও বাসের টিকিট কাউন্টার স্থাপন করায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখা গেছে, চিরিঙ্গা বাসস্টেশন থেকে থানা রাস্তার মাথা পর্যন্ত মহাসড়কে শতাধিক ভাসমান দোকান (মৌসুমি ফল ও কাপড়চোপড় বিক্রির) এবং বিভিন্ন গাড়ির ১৫টি টিকিট কাউন্টার বসানো হয়। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাউন্টারগুলোতে অনেক বাস থামে ও যাত্রী ওঠানামা করে। এ ছাড়াও সড়কের এ অংশে মাইক্রোবাস, অটোরিকশা, টমটম ইত্যাদি থামানো হয়। তা ছাড়া চিরিঙ্গা সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এবং মহাসড়কের দুই পাশে গ্যারেজ খুলে অনেকে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন মেরামতের কাজ করছেন। সড়কের ওপর এসব যানবাহন রাখায় মহাসড়ক সংকুচিত হয়ে যায়। ফলে দূরপাল্লার যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হয়। এতে অনেক সময়ই যানজটে আটকে পড়ে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফলবিক্রেতা বলেন, পৌরসভার একজন কর্মচারী ভাসমান দোকান থেকে দৈনিক ২০ থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করেন। কিন্তু এর বিপরীতে কোনো রসিদ দেওয়া হয় না। চাঁদা না দিলে উচ্ছেদ করা হয়। স্থানীয় ব্যবসায়ী কলিম উল্লাহ (৪৫) বলেন, ‘চিরিঙ্গার অদূরে শহীদ আবদুল হামিদ বাস টার্মিনালটি নির্মিত হওয়ার পর ধরে নিয়েছিলাম, এ মহাসড়কের যানজট কমবে। কিন্তু বিধিবাম, যানজট আরও বেড়েছে। পৌর কর্তৃপক্ষ নীরব। পথচারী ও শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। অনেকে দুর্ঘটনায় আহতও হচ্ছেন।’ চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, এলাকার গরিব লোকজন সড়কের পাশে বসে ব্যবসা করছেন। এখন উচ্ছেদ করলে লোকগুলো না খেয়ে মরবেন। ব্যবসার বিকল্প ব্যবস্থা করে তাঁদের সড়কের দুই পাশ থেকে দ্রুত উচ্ছেদ করা হবে। দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।