চকরিয়া-লামা-আলীকদম সড়কে পরিবহন ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়া-লামা-আলীকদম সড়কে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
গত শুক্রবার রাতে সহকারী পুলিশ সুপারের (এএসপি) কার্যালয়ে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের পর শ্রমিক নেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। ১৩ জুলাই ভাড়ায়চালিত মোটরসাইকেল চলাচল বন্ধ, শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও হামলার ইন্ধনদাতা লামা থানার ওসি মো. শাহজাহানের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকেন শ্রমিকেরা। ১৪ জুলাই থেকে ওই ধর্মঘট শুরু হয়।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক কামাল আজাদ বলেন, শুক্রবার প্রশাসন তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। তাই ধর্মঘট সাময়িক স্থগিত করা হয়েছে। সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইসমাঈল, বান্দরবানের সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) আবদুর রশিদ, লামা থানার ওসি মো. শাহজাহান খান, লামা-আলীকদম সড়ক বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোছাইন, বাস ও জিপ মালিক যৌথ কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন প্রমুখ।