চকরিয়া সড়কে জিপ উল্টে ২ জন নিহত
বান্দরবানের লামা-চকরিয়া সড়কে মিরিঞ্জা পর্যটনকেন্দ্র এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে একটি জিপ পাহাড়ি খাদে পড়ে যায়। এতে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। হতাহত ব্যক্তিরা সবাই আলীকদম ও লামা উপজেলার বাসিন্দা।
লামা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা রিপন কুমার মালাকার জানান, ঘটনাস্থল থেকে ২২ জনকে উদ্ধার করা হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাবের হোসেন বলেন, ২২ জনকে এখানে আনা হয়। তাঁদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। মারাত্মকভাবে আহত আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে চিকিৎসা নিচ্ছেন ১২ জন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।