চকরিয়ায় কাউন্সিলর অপহরণ মামলার এক আসামি গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম অপহরণ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম নুরুল ইসলাম ওরফে বাপ্পি (২৮)। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চকরিয়া-লামা সড়কের ইয়াংছা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নুরুল ইসলাম চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুর এলাকার কামাল উদ্দিনের ছেলে।
গত ২৮ সেপ্টেম্বর রাতে চকরিয়া পৌরসভার ভাঙারমুখ এলাকার নিজের বাড়ির সামনে থেকে দৃর্বৃত্তরা অপহরণ করে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামকে। মারধর করে ওই দিন রাত দুইটার দিকে চিরিংগা ইউনিয়নের পালাকাটার চর্বিকাটা এলাকায় তাঁকে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নজরুল বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। এ মামলায় ৩০ সেপ্টেম্বর এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম প্রথম আলোকে বলেন, অপহরণ মামলার আসামি নুরুল ইসলামকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।