চকরিয়ার অবৈধ বসতি উচ্ছেদ
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের আগরবাগান থেকে গতকাল বৃহস্পতিবার ৪০টি অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়েছে।
কাকারা বন বিট কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, আগরবাগানে কিছুসংখ্যক দুষ্কৃতকারী অবৈধ বসতি গড়ে তুলে বনজ সম্পদ উজাড় করছিল। গতকাল উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে ৪০টি অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ইউসুফ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, ফাঁসিয়াখালী বন বিভাগের রেঞ্জার এ বি এম জসিম উদ্দিন, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) শওকত ওসমান।
ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, সংরক্ষিত ও সামাজিক বনে যেসব অবৈধ ঘর আছে, জরুরি ভিত্তিতে সেগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করতে কাকারা ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
ফাঁসিয়াখালী বন বিভাগের রেঞ্জার এ বি এম জসিম উদ্দিন বলেন, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।