চকরিয়ার ছয় ইউনিয়নে বিএনপির প্রার্থী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর আগে গত রোববার আওয়ামী লীগ এসব ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে।
আগামী ৭ মে এই ছয় ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
দলীয় সূত্র জানায়, ইউনিয়ন ও উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী চকরিয়ার উপকূলীয় ছয় ইউনিয়ন—বদরখালী, বিএমচর, কোনাখালী, পশ্চিম বড় ভেওলা, পূর্ব বড় ভেওলা ও ঢেমুশিয়া ইউনিয়নে দলীয় প্রার্থী নির্ধারণ করা হয়েছে। পরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনা করে প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানো হয়।
বিএনপি সূত্র জানায়, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী, পূর্ব বড় ভেওলায় মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আরিফ, বিএমচরে মাতামুহুরী সাংগঠনিক থানা যুবদলের সভাপতি মো. আবু ইউসুফ, বদরখালীতে বিএনপির নেতা আহসানুল কাদের চৌধুরী, ঢেমুশিয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম ও কোনাখালীতে মাতামুহুরী সাংগঠনিক থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরুল হাসান হান্নানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী বলেন, সালাহউদ্দিন আহমদ মন্ত্রী থাকার সময় ব্যাপক উন্নয়নকাজ করেছেন। তাঁর প্রার্থীদের ভোটাররা বেছে নিয়ে এর প্রতিদান দেবেন।