চকরিয়ার প্রকাশ্যে চলছে সামাজিক বনায়ন নিধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হারগাজা এলাকায় প্রকাশ্যে সামাজিক বনায়ন নিধন করছে গাছ চোর চক্র। গত রোববার থেকে ওই এলাকার বনায়ন নিধনে নেমেছে চক্রটি। বন বিভাগ বুধবার সকালে অভিযান চালিয়ে পাঁচ ট্রাক কাটা গাছ উদ্ধার করেছে।

সরেজমিনে দেখা যায়, হারগাজা এলাকায় ১১০ হেক্টর এলাকায় ২০০২-০৩ অর্থবছরে বনায়ন করা হয়। ১১০ জন হতদরিদ্র নারী-পুরুষ এ বনায়নের অংশীদার। বনায়নের ভেতরে ঢুকতেই চোখে পড়ে অসংখ্য কাটা গাছ। ইতিমধ্যে সেখান থেকে কিছু গাছ বিভিন্ন জায়গায় পাচার করা হয়েছে। পড়ে রয়েছে অসংখ্য কাটা গাছের মাথা।

সামাজিক বনায়ন কমিটির সভাপতি শাহেদ মীরজাদা জানান, ১০ বছর মেয়াদি বনায়নটি সৃজিত হয়। এখন মেয়াদ শেষে নিলামের মাধ্যমে কাটার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, পাঁচ দিন ধরে ওই বনায়নে গাছ চোর চক্রের করাতের ভয়ংকর থাবা পড়েছে। ইতিমধ্যে প্রায় ৫০০ থেকে ৬০০টি গাছ কেটে নিয়ে গেছে চক্রটি। একটি গাছের বর্তমান আনুমানিক দাম দেড় থেকে আড়াই হাজার টাকা।

বনায়নের উপকারভোগী মোখলেছা খানম (৪৩) বলেন, ‘১০ বছর ধরে পাহারা দিয়ে গাছগুলো বড় করেছি। এখন কাটার মৌসুম আসার সঙ্গে সঙ্গে চোররা গাছগুলো চোখের সামনে কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না!’

ওই গাছ চোর চক্রটি প্রকাশ্যে গাছ কেটে নিলেও কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস করছে না। চক্রটি এলাকায় বেশ প্রভাবশালী, যখন
যে দল ক্ষমতায় থাকে, সে দলের ছত্রচ্ছায়ায় নানা অপকর্ম করে। বনায়নের গাছ কাটার সময় তারা সশস্ত্র অবস্থানে থাকায় হামলা ও প্রাণনাশের ভয়ে কেউ বাধা দেওয়ার সাহস করছে না। ফাঁসিয়াখালী রেঞ্চ কর্মকর্তা হাফিজুর রহমান জানান, খবর পেয়ে বুধবার সকালে অভিযান চালানো হয়েছে। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়ে গেছে। তাদের কাটা বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ ট্রাক গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। ওই চক্রের বিরুদ্ধে অবশ্যই মামলা করা হবে।

হাফিজুর রহমান জানান, গাছগুলো বড় হয়ে যাওয়ায় চোরদের কুদৃষ্টি পড়েছে। ইতিমধ্যে সব কটা গাছ গণনা করে নম্বর দেওয়া হয়েছে। আগামী এপ্রিল মাসে বনায়নটি নিলামের প্রক্রিয়ায় আনা হবে।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো. শাহ-ই আলম জানান, অংশীদার নির্বাচিত হওয়ার পর গত ১০ বছর বনায়নের উপকারভোগী ব্যক্তিরা গাছগুলোকে সন্তানের মতো রক্ষণাবেক্ষণ ও যত্ন করে বনায়ন টিকিয়ে রেখেছেন। কিন্তু গাছ চোর চক্র বনায়ন লুটের মাধ্যমে উপকারভোগী ব্যক্তিদের স্বপ্ন ভেঙে দেওয়ার পাশাপাশি সরকারের ব্যাপক ক্ষতি করছে। যাতে দ্রুত নিলাম-প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।