চকরিয়ার বনাঞ্চলে ৫৪ হাজার গর্জনের বীজ বপন করল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্ছাপিয়া জাতীয় উদ্যানের লাল পাহাড় ও ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যের নতুন মসজিদ এলাকায় ২১ একর বনভূমিতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় যুবকেরা ৫৪ হাজার গর্জনের বীজ বপন করেছে। বন বিভাগের সহায়তায় ১৭ মে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলি হুডস’ (ক্রেল) নামের প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।
বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহ-ই-আলম। এ সময় স্থানীয় লোকজনকে নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন, সহকারী বনসংরক্ষক মো. আসলাম মজুমদার, ক্রেল প্রকল্পের কক্সবাজার আঞ্চলিক সমন্বয়কারী শফিকুর রহমান প্রমুখ।
বীজ বপন কর্মসূচিতে অংশ নেওয়া ডুলাহাজারা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নিলুফা শাওরিন বলে, ‘আমার জীবনের সেরা একটি মুহূর্ত হচ্ছে বনাঞ্চলের ভেতরে গর্জনের বীজ বপন। পরিবেশ রক্ষায় নিজে অংশ নিতে পারায় ভালো লাগছে।’
শিক্ষার্থীরা ছাড়াও বন বিভাগের কর্মী ও স্থানীয় যুবকেরা বীজ বপন কর্মসূচিতে অংশ নেন।
ক্রেলের চকরিয়া উপজেলা তদারক কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, কোডেক, ইউএসএআইডি, উইনরক ও নেমক নামের কয়েকটি সংস্থার সহায়তায় ক্রেল প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ক্রেলের যোগাযোগ কর্মকর্তা বিশ্বজিৎ সেন বলেন, বনাঞ্চল থেকে গাছ কেটে উজাড় করে লোকজন। কিন্তু যদি এভাবে স্থানীয় বাসিন্দাদের বন সৃজনে যুক্ত করা যায়, তবে তারাই ভবিষ্যতে বন রক্ষা করবে।