কক্সবাজারের চকরিয়া উপজেলার বাঘগুজারা রাবার ড্যামের একটি অংশের জোড়া আবারও খুলে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন চকরিয়া ও পেকুয়া উপজেলার বিপুলসংখ্যক বোরোচাষি।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জোয়ারের তোড়ে রাবার ড্যামের একটি অংশের জোড়া খুলে যায়। এর আগে ২০১৪ সালের ১১ নভেম্বর, ২০১৫ সালের ২১ মার্চ ও ২০ এপ্রিল তিন দফায় রাবারের জোড়া খুলে যায়।
চকরিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, এই রাবার ড্যামের সাহায্যে আটকানো মিঠাপানির ওপর চকরিয়া উপজেলার কোনাখালী, পূর্ব বড় ভেওলা, ঢেমুশিয়া, বরইতলী, কৈয়ারবিল এবং পেকুয়া উপজেলার বারবাকিয়া, পেকুয়া সদর, শিলখালী ইউনিয়নের বোরো চাষ পুরোপুরি নির্ভরশীল। তিনি বলেন, দ্রুত মেরামত করা না হলে ড্যামের ওপর দিয়ে সাগরের জোয়ারের পানি ঢুকে যাবে। তখন ওই পানি দিয়ে সেচ দেওয়া যাবে না।
সরেজমিনে দেখা যায়, মাতামুহুরী নদীর বাঘগুজারা রাবার ড্যামের দক্ষিণ অংশের (বাঘগুজারা) রাবারের জয়েন্ট (জোড়া) খুলে গেছে। ড্যামের ওপর দিয়ে সাগরের দিক থেকে জোয়ারের লোনাপানি ঢুকছে। রাবার ড্যামের চারটি অংশের মধ্যে অন্য তিনটি অংশের জোড়াতেও ফাটল দেখা দিয়েছে।
বাঘগুজারা রাবার ড্যামের অপারেটর আবদুর রহিম প্রথম আলোকে বলেন, রাবার ড্যাম ফুলানো ছিল। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জোয়ারের তোড়ে ড্যামের একটি অংশের জোড়া খুলে যায়।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মাতামুহুরী নদীর মিঠাপানি আটকে বোরো আবাদ করতে ২০০৫-০৬ অর্থবছরে মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে ২৩৩ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্যের রাবার ড্যামটির নির্মাণকাজ শুরু হয়। ৩১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ড্যামটির নির্মাণকাজ শেষ হয় ২০১২-১৩ অর্থবছরে। ২০১৩ সালের ১১ মে ড্যামটির উদ্বোধন করা হয়। ড্যামটি নির্মাণের ফলে চকরিয়া ও পেকুয়া উপজেলার অন্তত ৩৫ হাজার একর জমি সেচ সুবিধার আওতায় আসে।
বরইতলী ইউনিয়নের পহরচাঁদার কৃষক মো. রুবেল বলেন, ‘ড্যামের একটি অংশের জোড়া খুলে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছি। দ্রুত ড্যাম মেরামত করা না হলে মিঠাপানির অভাবে চাষাবাদ হবে না।’
পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বুধবার বলেন, আগামী দুই-তিন দিনের মধ্যে মেরামতকাজ শেষ করা হবে। তিনি বলেন, কেন বারবার ড্যামের জোড়া খুলে যাচ্ছে, তা তদন্ত করে দেখা হবে।