কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষকের নানা অনিয়মের প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। এর আগে সকালে শিক্ষকেরা দুটি ক্লাস নেওয়ার পর আর কোনো ক্লাসে অংশ নেননি।
তবে প্রধান শিক্ষকের দাবি, সব ক্লাসই হয়েছে।
শিক্ষকেরা অভিযোগ করেছেন, প্রধান শিক্ষক নুরুল কবির অনিয়মের আশ্রয় নিয়ে পরিচালনা কমিটি গঠন করেছেন। এ ছাড়া দুই মাসের বেতন ও ঈদের বোনাস বন্ধ, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সম্মানী না দেওয়াসহ নানা অনিয়মের প্রতিবাদে তাঁরা কর্মবিরতি পালন করছেন। এসব অনিয়মের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা না নিলে শিক্ষকেরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
বিদ্যালয়ের শিক্ষক আহমদ রেজা খান বলেন, ‘আমরা প্রধান শিক্ষকের নানা অনিয়মের প্রতিবাদে কর্মবিরতি পালন করছি। এতেও কোনো ফল না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ শিক্ষার্থীরা জানিয়েছে, গতকাল সকালে শিক্ষকেরা দুটি ক্লাস নিয়েছেন। এর পর থেকে আর ক্লাসে উপস্থিত হননি কোনো শিক্ষক।
তবে প্রধান শিক্ষক দাবি করেন, তাঁর বিরুদ্ধে শিক্ষকদের কোনো অভিযোগ নেই। সকাল থেকে প্রত্যেক শিক্ষক ক্লাসও নিয়েছেন।
চকরিয়ার ইউএনও মো. মোয়াজ্জেম হোসাইন প্রথম আলোকে বলেন, ‘ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুটি অভিযোগ তদন্তাধীন রয়েছে।’