চকরিয়ার ভিজিএফ কার্ড বণ্টনে বৈষম্য!
কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়নের জন্য আগামী ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৪ হাজার ৪৫০টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর এ উপজেলার জন্য ভিজিএফ কার্ডের বরাদ্দ ছিল ২৪ হাজার ৬৮৮টি।
এদিকে জেলার টেকনাফ উপজেলায় গত বছর ২৩ হাজার ৫৬১টি ভিজিএফ কার্ড বরাদ্দ থাকলেও এবার তা বেড়ে ৫১ হাজার ৪১টি কার্ড বরাদ্দ করা হয়েছে।
একইভাবে উখিয়া উপজেলায় গত বছর বরাদ্দ ছিল ১৭ হাজার ৮৯৪টি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৯৫টি। এ ছাড়া কক্সবাজার সদর, রামু, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলা থেকে ২৮ হাজার ২২৪টি ভিজিএফ কার্ড কমানো হয়েছে। জনপ্রতিনিধিরা ভিজিএফ কার্ডের এ বণ্টনকে বৈষম্য বলে অভিযোগ করেছেন।
কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন ভিজিএফ কার্ড বণ্টনে বৈষম্যের বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বরাদ্দের ব্যাপারটি মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা হয়েছে। এখানে আমার করার কিছু নেই।’
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ মো. ইলিয়াছ বলেন, ‘ভিজিএফ কার্ড বরাদ্দে চকরিয়া থেকে কেটে অন্য একটি এলাকায় নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে জনপ্রতিনিধিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। প্রয়োজনে মন্ত্রণালয়ে কথা বলব।’
চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক বলেন, চকরিয়া উপজেলায় সাড়ে তিন লাখ জনগোষ্ঠী রয়েছে। গত বছর ২৪ হাজার ৬৮৮টি ভিজিএফ কার্ড বরাদ্দ দিলেও তা ছিল অপ্রতুল। এবার ওই বরাদ্দ থেকে প্রায় ১০ হাজার কমিয়ে চকরিয়াবাসীর সঙ্গে তামাশা করা হয়েছে।
কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, ‘বরাদ্দ বণ্টনে বৈষম্যের ব্যাপারটি এলাকার লোকজন বুঝবে না। এ অপ্রতুল বরাদ্দ নিয়ে এলাকায় গেলে লোকজন মনে করবে, আমরা এসব চাল আত্মসাৎ করছি।’
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জম হোসাইন বলেন, ১৫ জুন জেলা প্রশাসন ভিজিএফ কর্মসূচির একটি তালিকা দিয়েছে। ওই তালিকায় দেখা গেছে, গত বছরের চেয়ে চলতি বছর ১০ হাজার ২৩৮টি কার্ডের বরাদ্দ কম এসেছে। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যানরা অভিযোগ করার পর জেলা প্রশাসককে অবগত করা হয়েছে।