কক্সবাজারের চকরিয়া উপজেলার লবণচাষি ও ব্যবসায়ীরা ডাকাত-আতঙ্কে রয়েছেন। মহেশখালী-কুতুবদিয়া সমুদ্র চ্যানেল দিয়ে লবণবোঝাই ট্রলার নারায়ণগঞ্জ, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় যাওয়ার পথে ডাকাত দল হামলা করছে। এ সময় লুটে নেওয়া হচ্ছে লবণ, টাকাপয়সা ও মালামাল।
লবণ ব্যবসায়ীরা জানান, ডাকাত দলের চাহিদামতো টাকা না দিলে লবণবোঝাই ট্রলার আটকিয়ে ব্যবসায়ীদের মারধর করে সর্বস্ব লুটে নিচ্ছে। এ অবস্থায় লবণচাষি ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বাংলাদেশ লবণচাষি সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ চৌধুরী জানান, লবণচাষি ও ব্যবসায়ীরা ডাকাতদের হাতে জিম্মি হয়ে পড়ায় অন্য এলাকার ব্যবসায়ীরা পরিবহন-সমস্যার অজুহাতে চকরিয়ায় লবণ কিনতে আসছেন না। ফলে চাষিদের শত শত মেট্রিক টন লবণ মাঠে অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে। এতে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
উপজেলার বদরখালী এলাকার লবণচাষি কলিম উল্লাহ জানান, ১ মার্চ বদরখালী ফেরিঘাট এলাকায় লবণবাহী একটি ট্রলারে ১০ থেকে ১২ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। প্রথমে ট্রলার জিম্মি করে তারা তিন লাখ টাকা দাবি করে। পরে নির্দিষ্ট সময়ে টাকা দিতে না পারায় ট্রলারের লবণসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় একটি ট্রলারের মাঝি কাইছারকে মারধর করে।
লবণ ব্যবসায়ীরা জানান, চকরিয়ার ইলিশিয়া, দরবেশকাটা ও বদরখালী ঘাটের অদূরে ডাকাত দল প্রতিনিয়ত ট্রলার ও লবণ ব্যবসায়ীদের আটক করে টাকা আদায় করছে। যাঁরা টাকা দিতে পারছেন, তাঁদের ছেড়ে দিচ্ছে, আর যাঁরা পারছেন না, তাঁদের মারধর করে সর্বস্ব লুটে নিচ্ছে।
ব্যবসায়ীরা জানান, ডাকাত দল প্রথমে মহেশখালী-কুতুবদিয়া সমুদ্র চ্যানেল পার হওয়ার সময় লবণবোঝাই ট্রলার আটক করে গভীর সমুদ্রে নিয়ে যায়। পরে মুঠোফোনে যোগাযোগ করে টাকা আদায় শেষে ওই ট্রলার ছেড়েও দেওয়া হয়। এভাবে ওই সমুদ্র চ্যানেলে লবণ ব্যবসায়ীরা ডাকাত দলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন। বদরখালীর নৌ পুলিশ ফাঁড়িও ওই ডাকাত দলের কাছে অসহায় বোধ করছে।
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ওবাইদুল হক জানান, গভীর সমুদ্রে লবণবোঝাই ট্রলারে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠে না। এটি নৌ পুলিশ ফাঁড়ি হলেও এখানে কোনো নৌযান নেই।