চকরিয়ার সংরক্ষিত বনে বসতঘর ও দোকানপাট!
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় সংরক্ষিত বনে এক হাজার বসতঘর ও দোকানপাট নির্মাণ করা হয়েছে। সরকারি দলের নেতা, সমর্থক ও বিরোধী দলের সমর্থক এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এ অবৈধকাজে জড়িত বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, এসব বসতঘর ও দোকান ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসের ২০০ গজের ভেতরে। সরেজমিনে দেখা গেছে, মালুমঘাট বাজারের পূর্ব পাশে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক মিয়া, আওয়ামী লীগ সমর্থক বাহাদুর মিয়াসহ অনেকে দোকান তুলেছেন। এ ছাড়া আরও অনেক প্রভাবশালী সংরক্ষিত বনে ৫০টি বসতঘর ও ডুলাহাজারা রংমহাল এলাকায় ৩০টি বসতঘর তুলেছেন।দখলদার রফিক মিয়া বলেন, ‘আমার সরকার ক্ষমতায়, আমি দোকান না করলে কে করবে? পারলে আপনিও (প্রতিবেদক) এসে মিলেমিশে দোকানের ভাগ নিয়ে ব্যবসা করেন।’ এরপর তিনি আর কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। বাহাদুর মিয়া বলেন, ‘আমি পাকা দোকান নির্মাণ করেছি অনেক বছর আগে। এ দোকান নিয়ে বন বিভাগ আমার বিরুদ্ধে সাতটি মামলা করেছে। আমাকে নোটিশ না দিয়ে দোকান উচ্ছেদের চেষ্টা চালানোর কারণে আমিও বন ভািগের বিরুদ্ধে একটি মামলা করেছি।’ তিনি আরও বলেন, ‘মালুমঘাটের সব দোকান উচ্ছেদ করা হলে আমিও উচ্ছেদ হয়ে যাব। তখন আমার কোনো প্রশ্ন থাকবে না।’ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. শরাফত আলী বলেন, ‘এসব কিছু আমি যোগদানের আগে হয়েছে। পর্যাপ্ত লোকবলের অভাবে অভিযান পরিচালনা করা যাচ্ছে না।’ জানতে চাইলে কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, গত ডিসেম্বরে এসব বসতঘর ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল। শিগগিরই আবার উচ্ছেদ অভিযান চালানো হবে।