কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছাত্রের ওপর যৌন নির্যাতনের অভিযোগে আটক সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার আদালত ওই শিক্ষকের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, গত শনিবার রাতে ফাঁসিয়াখালীর একটি মাদ্রাসার প্রধান এক আবাসিক ছাত্রকে তাঁর কক্ষে নিয়ে যৌন নির্যাতন চালান। পরে বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে ওই শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। সোমবার রাতে ওই ছাত্রের বাবা আটক শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে আটক শিক্ষককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম প্রথম আলোকে বলেন, ওই শিক্ষককে গতকাল চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।