চকরিয়ার ১২ ইউপিতে শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চক​িরয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি। গতকাল সকাল পৌনে ১০টায় তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজারের চক​িরয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি। গতকাল সকাল পৌনে ১০টায় তোলা ছবি l প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল শনিবার শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনকে ঘিরে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
সরেজমিনে গতকাল সকাল ১০টায় খুটাখালী ইউনিয়নের কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটারের দীর্ঘ সারি। কেন্দ্র পরিদর্শনে আসেন আওয়ামী লীগের প্রার্থী বাহাদুর হক ও স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আবদুর রহমান। তাঁরা দুজন কোলাকুলি করে কুশলবিনিময় করেন। এ কেন্দ্রের ভোটার জেবুন্নেছা বেগম বলেন, ‘সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। নিরাপত্তাও ভালো। কোনো বিশৃঙ্খলা নেই। চেয়ারম্যান পদের দুই প্রার্থী সবার সামনে কোলাকুলি করেছেন।’
ফাঁসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্রেও নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। নারী ভোটারের সারি ১৫০ ফুট দীর্ঘ মাঠের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। শাহারবিল রেসিডেন্সিয়াল কেজি স্কুল কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার মধ্যে ৯০০ ভোটার ভোট দিয়েছেন।
শাহারবিল ইউপির বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আবদুল হাকিম বলেন, ‘মানুষ নিজের ইচ্ছায় ভোট দিচ্ছেন। প্রশাসনও কঠোর অবস্থানে রয়েছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’
উপজেলার বরইতলী ইউপির গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকারা ইউপির শাহ ওমারাবাদ উচ্চবিদ্যালয়, ডুলাহাজারা ইউনিয়নের মাইজ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুটাখালী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রে গোলযোগ হয়নি।