চকরিয়ায় অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ইয়াসমিন আক্তার (২৩) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে তাঁর স্বামী কবির হোসেন (২৭) হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ কবির হোসেন ও তাঁর মা সাজেদা বেগমকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনার মৃত আবদুল হাফেজের মেয়ে ইয়াসমিনের সঙ্গে তিন বছর আগে সওদাগর ঘোনা গ্রামের বাসিন্দা কবির হোসেনের বিয়ে হয়। মোহাম্মদ রবি নামের তাঁদের দেড় বছরের একটি ছেলে রয়েছে। ইয়াসমিন মারা যাওয়ার সময় ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রতিবেশীরা বলেছেন, কবির হোসেন এলাকার একজন চিহ্নিত ডাকাত। এলাকায় সবাই তাঁকে ‘বাদশা ডাকাত’ নামে চেনে। ডাকাতি ছেড়ে দেওয়ার জন্য ইয়াসমিন প্রায়ই স্বামীর সঙ্গে পীড়াপীড়ি করতেন। এতে তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি তাঁর ওপর নির্যাতন চালাতেন। সর্বশেষ গত রোববার রাতে ও গতকাল ভোরে দুই দফায় ইয়াসমিনকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করেন। প্রতিবেশীরা জানান, সকালে কবির হোসেন ও তাঁর পরিবারের লোকজন প্রচার করেন, বিষপানে ইয়াসমিন আত্মহত্যা করেছেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। ইয়াসমিনের ছোট ভাই মোহাম্মদ সেলিম অভিযোগ করেন, তাঁর বোনকে পিটিয়ে হত্যা করার পর এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে চালিয়ে দিতে তাঁর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। মোহাম্মদ সেলিম জানান, এ ঘটনায় তিনি একটি হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া কবির হোসেন ও তাঁর মা বলেছেন, তাঁরা ইয়াসমিনকে হত্যা করেননি। ইয়াসমিন আত্মহত্যা করেছেন। তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ প্রথম আলোকে জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।