চকরিয়ায় অস্ত্রসহ জামাই-শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমরনগর এলাকার এক বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বেলা একটায় অভিযান চালিয়ে অস্ত্রসহ জামাই ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ওই এলাকার সাকের মোহামঞ্চদের স্ত্রী জনুয়ারা বেগম (৩৭) ও তাঁর মেয়েজামাই মো. ছাদেক (২২)। চকরিয়া থানার উপপরিদর্শক ওসমান গনি বলেন, খবর পেয়ে উপপরিদর্শক কল্লোল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ বসতঘরে তল্লাশি চালায়। এ সময় ঘরে অবস্থানরত জনুয়ারা ও ছাদেককে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের স্বীকারোক্তিমতে, ঘরের চালা থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি কিরিচ, একটি রামদা ও চারটি ছোরা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এখন পর্যন্ত বসতঘরে কেন অস্ত্র রাখা হয়েছে, সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।