ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলার আওয়ামী লীগের একজন ও বিএনপির সাতজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কৃত নেতারা এখনো এ–সংক্রান্ত কোনো চিঠি পাননি বলে জানান।
গত ২৩ এপ্রিল ও ৭ মে চকরিয়ায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বহিষ্কৃত নেতারা দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন ও কাজ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দুই দলের দায়িত্বশীল নেতারা।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাতামুহুরী উপজেলা বিএনপির সহসভাপতি ও শাহারবিল ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম, সহসাংগঠনিক সম্পাদক ছরওয়ার কামাল, শাহারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য আবদুল জলিল, মো. ছাদেক ও শাহারবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জমির উদ্দিন ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মো. রেজাউল করিমকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় পদ পদবিসহ সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হাকিম বলেন, ‘বহিষ্কারের কোনো চিঠি আমি পাইনি।’ অন্যরাও মুঠোফোনে একই কথা জানান।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা জানান, চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ছিলেন রোস্তম আলী। এ ইউপিতে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেন আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন। দলের সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গিয়াস উদ্দিনকে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সুপারিশের ভিত্তিতে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। চূড়ান্ত বহিষ্কার কেন করা হবে না তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এ ব্যাপারে গিয়াস উদ্দিন বলেন, ‘চিঠি পেলে জবাব দেওয়া হবে।’