চকরিয়ায় আ.লীগের নির্বাচনী মহড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ গতকাল শুক্রবার বিকেলে শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
তবে স্থানীয় লোকজন বলছেন, বিক্ষোভ সমাবেশ হলেও এটিকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের নির্বাচনী মহড়ায় পরিণত করা হয়েছে। তাকে দলীয় সভানেত্রী মনোনয়ন দেবেন বলে কথা দিয়েছেন। তাই চকরিয়া ও পেকুয়া উপজেলার ২৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল, ব্যানার, ফেস্টুন ও নির্বাচনী প্রতীক নৌকা নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে যোগ দেন। তবে জাফর আলম বলেন, ‘গতকাল শুক্রবার কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল। আমরা কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছি।’
তিনি আরও বলেন, এলাকার সাংসদ বিএনপির হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্যাতিত হচ্ছেন। তাই নেতা-কর্মীরা তাদের দাঁতভাঙা জবাব দিতে একটু উৎসাহী হয়ে নির্বাচনী প্রতীক নৌকা নিয়ে সমাবেশে এসেছেন।
সমাবেশে বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নুরুল আবছার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহসভাপতি ফজলুল করিম সাঈদী প্রমুখ।